আটকে পড়াদের কাবুল থেকে সরাতে বাংলাদেশ বিমানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
সেখানে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পক্ষে কাজ করেছেন এমন আফগানসহ অন্যান্য কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
ঢাকা জানিয়েছে, তৃতীয় পক্ষের মাধ্যমে পাওয়া প্রস্তাবটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আজ সোমবার এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিকল্পনা বিভাগে কর্মরত এক শীর্ষ কর্মকর্তা দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের প্রস্তাবটি পাঠিয়েছে।
যেখানে যুদ্ধকবলিত আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে তৃতীয় পক্ষগুলোর সঙ্গে গত ১৫ দিনে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন।
এর ওপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
‘তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কাবুল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা আছে কি না এবং যাত্রীদের ইমিগ্রেশন কে করবে- সেসব বিষয় আমাদের জানতে হবে,’ বলেন বিমানের এমডি।
আবু সালেহ মোস্তফা কামাল বলেন, কাবুলে ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট লিজিং কোম্পানিগুলোর মতামত জানতে চেয়েছি।
বিমানের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা বীমার টাকা পাব কি না- সেটাই আমরা লিজিং কোম্পানির কাছ থেকে জানতে চেয়েছি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু বিমান বাংলাদেশকে নয়, এয়ার এশিয়া এবং গুরুদা ইন্দোনেশিয়াকেও কাবুল থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে তৃতীয় পক্ষের সঙ্গে গত ১৪ আগস্ট সর্বশেষ আলোচনা হয়েছে।
তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।

Comments (0)
Add Comment