ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা ৩০ বছর দীর্ঘমেয়াদি যে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি, সেই কার্যক্রম আরম্ভ করেছি।
এরই মাঝে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং তারা প্রাথমিক কার্যক্রমও আরম্ভ করেছে।
আমরা সেই মহাপরিকল্পনায় ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেবো।
এলাকার চাহিদা নির্ধারণ করে এবং জনঘনত্বকে বিবেচনায় নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে মহাপরিকল্পনার আওতায় আনা হবে।
মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৯ম বোর্ড সভায় ডিএসসিসি এই তথ্য জানান।
শীঘ্রই কাউন্সিলরদেরকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নে চুক্তিকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ঢাকা শহরে যে সকল সরকারি সংস্থা কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে নিয়ে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একটি মতবিনিময় সভা করেছি।
আপনাদেরকে নিয়েও একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সেখানে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, আপনার এলাকার উন্নয়নকে তুলে ধরবেন, আপনাদের চাহিদা তুলে ধরবেন।