করোনা প্রাদুর্ভাবের কারণে পরপর তিন বছরে পড়ে গেছে ক্রিকেটের তিনটি বিশ্বকাপ।
যার দুইটিই আবার এশিয়ার মাটিতে।
চলতি বছর আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ।
মাঝে অস্ট্রেলিয়ায় হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এই তিন বিশ্বকাপের দুইটিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার মতে, এশিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ দুইটিতে বাংলাদেশ দলের সেমিফাইনাল যাওয়া অসম্ভব হবে না।
এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিতে ওঠেনি বাংলাদেশ।
আসন্ন বিশ্বকাপগুলোতে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি।’