আফগানিস্তান গত রোববার তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর ঘরছাড়া বহু মানুষ।
কাবুল বিমানবন্দরে এখনও দেশত্যাগের অপেক্ষায় অনেকে।
এমন সময় জানা গেল, কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি বিমানে এক আফগান নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শরণার্থী ওই নারী।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার টুইটারে এ তথ্য নিশ্চিত করে।
ইউএস এয়ার মোবিলিটি কমান্ড জানান, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিল সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তাদের সঙ্গে ছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী।
সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।
মা ও মেয়ে দুজনই ভালো আছে বলে জানা গেছে।