নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে জয় লাভ করায় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে বুধবার অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকেও রেকর্ড গড়ে হারাল বাংলাদেশ।
আর এ জয়ের মধ্য দিয়ে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আরাধ্য সেই জয় খরা কাটাল সাকিব-মাহমুদউল্লাহরা।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় টম লাথামের দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে হোঁচট খেলেও লক্ষ্যচ্যুত হয়নি টাইগার বাহিনী। মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স।
আর এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।