ফুরোলো অপেক্ষা, নতুন জার্সিতে প্রথম গোলটি করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচ কেটেছে গোল ছাড়াই।
অবশেষে চতুর্থ ম্যাচে জালের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।
তাও কি না উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। লিওনেল মেসি ও ইদ্রিসা গুইয়ের গোলে ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।
ক্লাব ব্রুগের সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু হয়েছে পিএসজির এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রা। বর্তমান রানার্সআপ ম্যান সিটির বিপক্ষে ম্যাচটি তাই বড় চ্যালেঞ্জই ছিলো ফরাসি ক্লাবটির জন্য। তবে মেসির জ্বলে ওঠার দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।