দেশে হোক বা বিদেশে যে কোনো রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হন।
তার শুভানুধ্যায়ীয়া বলে থাকেন এটা নাকি প্রধানমন্ত্রী মোদীর ‘আলিঙ্গন-কূটনীতি’।
করোনাকালে সেই ‘আলিঙ্গন’ই প্রশ্নের মুখে পড়েছে। জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর আলিঙ্গনে দৃশ্যতই ‘অস্বস্তি’তে পড়তে হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে।
যা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম তির্যক মন্তব্য করতেও ছাড়েনি।
প্রশ্ন উঠেছে মাস্কহীন মোদীকে নিয়েও।
কয়েকদিন আগে রোমে জি-২০ সম্মেলনে যোগ দিয়ে গিয়ে একের পর এক রাষ্ট্রনেতাকে আলিঙ্গন করেছেন মোদী।
শনিবার ভ্যাটিকানে গিয়েও পোপ ফ্রান্সিসের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়েছিলেন তিনি।
এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গোল বাধল গতকাল গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে।
সেখানে মঞ্চে উঠে মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভাব বিনিময় করেন। এরপর মোদী এগিয়ে যান গুতেরেসের দিকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জাতিসংঘের মহাসচিবকে আলিঙ্গন করতে যান মোদী। কিন্তু তাতে তেমন সাড়া দেননি গুতেরেস। বরং তাকে দেখে মনে হচ্ছিল, এ বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছে।