ভারতের দিল্লিতে যমুনার পানিতে ভেসে বেড়াচ্ছে সাদা ফেনা।
পানির চেয়ে এখন ফেনাই বেশি নজর কাড়ছে। দূর থেকে এই ফেনা যতটা সুন্দর, বাস্তবে ততটাই ভয়ংকর।
পরিবেশকর্মীরা জানিয়েছেন, যমুনার পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। সে কারণেই এমন ফেনা দেখা যাচ্ছে।
পরিবেশকর্মীরা আরও জানিয়েছেন, কল-কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর পানিতে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। দূষিত নদীতে এভাবে অসংখ্য মানুষের গোসল করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। দীপাবলির আগেই দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছিল।
এবার যমুনাতেও দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।
সাদা বরফের মতো ফেনায় প্রায় পুরো যমুনার পানি ঢেকে গেছে।
গত সোমবার ছিল ছট পূজার সূচনা। যমুনাকে বলা হয় অন্যতম পবিত্র নদী।
তাই যমুনার পানিতে নেমে পূজা দেওয়া এবং গোসল করা দিল্লিবাসী বিহারীদের ছট পূজার একটি অংশ।