আগামী বছরও বিশ্বব্যাপী লোকসান গুনবে বিমান পরিবহন খাত

বিশ্বব্যাপী বিমান পরিবহন সংস্থাগুলো ২০২২ সালেও লোকসানের আশঙ্কা করছে।
এ সময়ে বিভিন্ন বিমান পরিবহন সংস্থার নিট লোকসানের পরিমাণ দাঁড়াতে পারে ১ হাজার ২০০ কোটি ডলার।
আগামী বছরও আকাশপথে ভ্রমণ চাহিদা প্রাক-মহামারী স্তরের চেয়ে নিম্নে থাকায় এ আশঙ্কা করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) দেয়া তথ্যমতে এমনটা জানা যায়। খবর কিয়োদো নিউজ।

চলতি বছর আশঙ্কার চেয়ে কিছুটা কম লোকসানের সম্মুখীন হতে পারে বিমান পরিবহন খাতের বৈশ্বিক কোম্পানিগুলো।
২০২১ সালের জন্য বিমান পরিবহন শিল্পে বৈশ্বিক লোকসানের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার দাঁড়াতে পারে বলে ধারণা করা হয়েছে।
একই সময়ে উত্তর আমেরিকা অঞ্চলে বিমান পরিবহন সংস্থাগুলো আগামী বছর লাভের মুখ দেখতে পারে বলেও প্রত্যাশা করছে আইএটিএ।
যদিও অন্যান্য অঞ্চলের ব্যাপারে তেমন কোনো পূর্বাভাস দেয়নি সংগঠনটি।

আইএটিএ জানায়, ২০২২ সালে বিশ্বব্যাপী কভিড-১৯ টিকা প্রদানের হার ও সরকারগুলোর নীতিমালা আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময়ে বিভিন্ন দেশে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের চাহিদা যথেষ্ট শক্তিশালী থাকবে বলেও জানায় আইএটিএ।
এরই মধ্যেই করোনা টিকা গ্রহণকারী পর্যটকদের জন্য অনেক দেশই বিধিনিষেধ শিথিল করেছে।
লকডাউনের মধ্যে ভোক্তাদের চাহিদাও যথেষ্ট উন্নতি লাভ করেছে।

আইএটিএর প্রত্যাশা অনুযায়ী চলতি বছর বিশ্বব্যাপী বিমান ভ্রমণের চাহিদা ১৮ শতাংশ বেড়ে তা ২০১৯ সালের ৪০ শতাংশের সমপরিমাণ দাঁড়াবে।
একই সঙ্গে ২০২২ সালে তা ৫১ শতাংশ বেড়ে প্রাক-মহামারী স্তরের ৬১ শতাংশের সমপরিমাণ দাঁড়াবে।

Comments (0)
Add Comment