বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্প্রতি শিডিউল বিপর্যয়ের পেছনের ব্যক্তিদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
শনিবার একই সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমান বিলম্ব হলে বা সেবায় কোনো প্রকার বিঘ্ন ঘটলে এর জন্য দায়ী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।
এদিন সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর বলাকায় মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৫ অক্টোবর থেকে বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্ট বিমান বাংলাদেশের পাইলটরা তাদের চুক্তি অনুযায়ী কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকেন।
এতে বিমানের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পাইলটদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা এখনও চলছে।
এর মধ্যেই শনিবার বিমান প্রতিমন্ত্রীর কড়া এই হুঁশিয়ারি এল।