মিরপুরে কারা পাকিস্তানকে সমর্থন করছে, পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা

বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা শোভনীয় নয় এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কিছু বাংলাদেশিকে পাকিস্তানকে সমর্থন করতে দেখা গেছে, এদের বিষয়ে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নেবে কি না?

উত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এটা (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা) দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।

Comments (0)
Add Comment