ভারতে প্রথমবার পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

ভারতের ইতিহাসে প্রথমবার সংখ্যার হিসাবে পুরুষের চেয়ে এগিয়ে গেলেন নারীরা। দেশটির সবশেষ জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষায় (এনএফএইচএস) উঠে এসেছে এমন তথ্য।
পরিসংখ্যান অনুসারে, ভারতে বর্তমানে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারী রয়েছেন ১ হাজার ২০ জন।
তবে এতে খুব বেশি খুশি হওয়ার উপায় নেই। কারণ ওই একই সমীক্ষা বলছে, দেশটিতে এখনো ছেলেশিশুর তুলনায় কন্যাশিশুর জন্মহার কম।

গত বুধবার প্রকাশ করা হয়েছে ভারতের পঞ্চম জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার ফলাফল।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালে ভারতে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল ৯২৭।
২০০৫-০৬ সালের সমীক্ষায় পুরুষ ও নারীর সংখ্যা সমান দেখা যায়।
কিন্তু ২০১৫-১৬ সালে তা আবার কমে গিয়েছিল। সেই সমীক্ষায় পুরুষ ও নারীর অনুপাত দাঁড়িয়েছিল ১০০০: ৯৯১।

তবে ২০১৯-২০২১ সালের সমীক্ষায় দেখা যাচ্ছে, পরের পাঁচ বছরে ভারতে নারীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে।
অবশ্য পরিসংখ্যান বলছে, দেশটির ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো নারীর চেয়ে পুরুষের সংখ্যাই বেশি।
আর শহর-গ্রামের তুলনা করলে ১৪টি রাজ্যের গ্রামে এবং ২২টি রাজ্যের শহরে পুরুষের আধিপত্য বেশি।

Comments (0)
Add Comment