ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ: বায়োএনটেক

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর কিনা তা নিয়েও জল্পনার শেষ নেই।
এদিকে করোনার নতুন এই ধরন নিয়ে যেন লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জার্মানির ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাতকারে বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা উগুর সাহিন বলেন, ওমিক্রনের কারণে আরও বেশি মানুষ সংক্রমিত হলেও যারা ভ্যাকসিন নিয়েছেন তারা গুরুতর অসুস্থতা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।
করোনার প্রথম ভ্যাকসিনগুলোর মধ্যে বায়োএনটেকের একটি ভ্যাকসিন আবিষ্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

তিনি বলেন, আপনাদের প্রতি আমার বার্তা হচ্ছে, এ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। পরিকল্পনা একই রকম রয়েছে।
দ্রুত গতিতে ভ্যাকসিনের তৃতীয় ডোজের কর্মসূচি বাড়ানোর প্রতি জোর দিতে বলেছেন তিনি।

Comments (0)
Add Comment