করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সৃষ্ট পরিস্থিতি স্বভাবিক হতে না হতেই এবার নতুন আতঙ্ক ওমিক্রন।
করোনাভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্ট রুখতে ঝুঁকি না নিয়ে আগেভাগেই বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো সিকিম সরকার।
গতকাল মঙ্গলবার সিকিম সরকারের স্বরাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
করোনার কারণে দীর্ঘদিন এমনিতেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছিল উত্তরের পর্যটন শিল্প।
নতুন করে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের আতঙ্কে ক্ষতির মুখে পড়তে পারে উত্তরের এই পর্যটন শিল্প।
সাধারণত এই সময়টাকে উত্তরবঙ্গ এবং সিকিমে পর্যটনের মৌসুম ধরা হয়।
ইতোমধ্যে সিকিমে আনাগোনা শুরু হয়েছে ভারতের পাশাপাশি বিদেশি পর্যটকদের। উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের পর্যটন সার্কিট মিলিয়ে প্রায় আট থেকে দশ শতাংশ বিদেশি পর্যটক এসে থাকেন।
তবে এই ভরা পর্যটন মৌসুমে বিশ্বজুড়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্ক দেখা দিতেই ঝুঁকি এড়াতে আগেভাগে বিদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করলো সিকিম সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে সিকিমের স্বরাষ্ট্র দপ্তর।
আর এটা উত্তরবঙ্গ সহ সিকিমের পর্যটন শিল্পে বড়সড় ধাক্কা বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা।