বাঁ পায়ের পরিবর্তে ডান পা কাটলেন চিকিৎসক, গুনলেন জরিমানা

অস্ত্রোপচারের সময় কাটার কথা ছিল বাঁ পা, কিন্তু চিকিৎসক কেটে ফেলেন ডান পা।
এই ভুলে জরিমানা গুনতে হলো চিকিৎসককে।
এ ঘটনা ঘটেছে অস্ট্রিয়ায়।
দায়িত্বে অবহেলার দায়ে স্থানীয় সময় বুধবার ওই চিকিৎসককে জরিমানা করেন দেশটির লিনজ শহরের একটি আদালত।

ঘটনার দুদিন পর বিষয়টি সামনে আসে।
আদালত ৪৩ বছর বয়সী ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেছেন।
রোগীর বিধবা স্ত্রীকেও ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার ইউরো দেওয়া হয়েছে।
এ ঘটনায় করা মামলা আদালতে গড়ানোর আগেই মৃত্যু হয় ওই রোগীর।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত মে মাসে ফ্রাইস্টাট শহরের একটি হাসপাতালে ভর্তি হন ওই রোগী।
অস্ত্রোপচারের পর ব্যান্ডেজ পরিবর্তনের সময় ভুলে অন্য পা কেটে ফেলার বিষয়টি জানা যায়।
এ সময় তাকে বলা হয়েছিল, তার অপর পা-ও কেটে ফেলার প্রয়োজন পড়তে পারে।

এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে একই ধরনের ঘটনা ঘটেছিল।
সেবার অস্ত্রোপচারের মাঝপথে এসে চিকিৎসক বুঝতে পারেন, ভুলে রোগীর অন্য পা কাটছেন তিনি।

Comments (0)
Add Comment