আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সেনা বিমান সুদানে

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার জন্য অপারেশন ‘সংকট মোচন’ শুরু করল ভারত। সুদানে আটকে পড়া অন্তত ৫০০ ভারতীয়কে উদ্ধার করতে দু’টি সি-১৭ সেনাবাহিনীর পণ্যবাহী বিমান এরইমধ্যে দক্ষিণ সুদানে পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র অধিদফতরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংয়ের সঙ্গে বিদেশ মন্ত্রকের সচিব অমর সিনহা ও যুগ্মসচিব সৎবীর সিং গোটা অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন।

জানা গেছে, দক্ষিণ সুদানে ভারতের রাষ্ট্রদূত শ্রীকুমার মেনন এবং তার সহযোগীরা সুদান থেকে এ বিশেষ সাহায্য করছেন।

গোটা বিষয়টি তদারকি করতে ইতিমধ্যেই সাউথ সুদান পাড়ি দিয়েছেন ভারতের পররাষ্ট্র অধিদপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং।

৭ জুলাই থেকে দক্ষিণ সুদানের রাজধানী জুবা ও তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে দেশটির দু’পক্ষের সেনার মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে সেখানে আটকে পড়েছে বেশ কিছু ভারতীয় নাগরিক। আশা করা হচ্ছে এ অভিযানের মাধ্যমে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।

Comments (0)
Add Comment