মার্কিন যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করেই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষ বর্ধন শ্রিংলা এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি মাসে এস-৪০০ সরবরাহ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া চলবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিনের নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত হলেও ছিল উচ্চ মাত্রায় ফলপ্রসূ ও বাস্তবসম্মত।
পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় ২৮টি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও জানিয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের নয়াদিল্লি সফরে প্রমাণিত হয়েছে তিনি ভারত-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও যথেষ্ট গুরুত্ব তার কাছে রয়েছে।