ভারতে আকাশপথের ভিসায় স্থলপথে ভ্রমণ নিষিদ্ধ

বিমান পথের ভিসায় স্থলপথে ভারত ভ্রমণ বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন।
করোনাভাইরাস মহামারিতে বিমানে টিকিট সংকট থাকায় মানবিক কারণে বিমান পথে ভিসা থাকলেও স্থল পথে ভারত প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার বিকাল থেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল ইমিগ্রেশনকে বিমান পথের ভিসার যাত্রীদেরকে স্থলপথে না পাঠাতে অনুরোধ জানান।

এদিকে হঠাৎ করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের এমন সিদ্ধান্তে ভরতে ঢুকতে না পেরে শতাধিক পাসপোর্ট যাত্রী ফিরে গেছেন।
এরা সবাই চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর হোসেন জানান, বিমান পথের ভিসার যাত্রীদেরকে মানবিক কারণে স্থলপথে ভারতে ঢুকতে দিচ্ছিল পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
তারা এখন থেকে এমন যাত্রীদের স্থলপথে না পাঠাতে অনুরোধ জানিয়েছেন।
এতে অনেকে ফিরে গেছেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, বর্তমানে মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় যাত্রীরা ভারত যাচ্ছেন।
টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রয়েছে।
ভারত থেকে ফিরতে ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে।
তবে যাদের করোনার ডাবল ডোজ টিকা গ্রহণ করা নেই তাদেরকে নিজ বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এছাড়া যাদের শরীরে করোনা উপসর্গ আছে সন্দেহ হলে তাদের র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে।

গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা সবাই ছিল করোনা নেগেটিভ।

Comments (0)
Add Comment