মৃত মায়ের ছবি বুকে জড়িয়ে বিয়ের আসরে কনে

প্রিয় সন্তানের জীবনে নতুন অধ্যায়ের শুরুটা দেখে যেতে পারেননি মা।
মেয়েকে বিয়ে দেওয়ার আগেই পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।
কিন্তু তাই বলে সেই বিয়েতে মায়ের স্মৃতিটুকু থাকবে না, তা কি হয়!
এ জন্যই প্রয়াত মায়ের ছবি বুকে জড়িয়ে নিজের বিয়ের আসরে হাজির হলেন এক কনে।
এসময় গর্ভধারিণীর কথা মনে করে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
নিজে কেঁদেছেন অঝোরে, কাঁদিয়েছেন সবাইকে।
এমন আবেগঘন মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মৃত মায়ের প্রতি মেয়ের অকৃত্রিম ভালোবাসা দেখে এখন আবেগের জোয়ারে ভাসছে ইন্টারনেটবাসী।

জানা যায়, সেই কনের বাড়ি পাকিস্তানে। তার বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফটোগ্রাফার মাহা ওয়াজাহাত খান।
ভিডিওটি মা-হারা সব মেয়ের প্রতি উৎসর্গ করেছেন তিনি।

এতে দেখা যায়, এক হাতে মায়ের ছবি, আরেক হাতে বাবার হাত ধরে বিয়ের আসরে ঢুকছেন কনে।
এসময় তার অশ্রুসজল চোখ স্পষ্ট বলে দিচ্ছে, প্রয়াত মাকে এখনো কতটা ভালোবাসেন তিনি। একই অবস্থা কনের বাবারও।
স্ত্রীর জন্য তার চোখও অশ্রুসিক্ত।
আর বাবা-মেয়ের এই আবেগ দেখে চোখে জল ধরে রাখতে পারেননি উপস্থিত অতিথিরাও। তাদেরও চোখ মুছতে দেখা যায় বারবার।

 

Comments (0)
Add Comment