করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে বড়দিনের উৎসব সামনে রেখে শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইন্স তাদের দুই শতাধিক ফ্লাইট বাতিল করেছে।
কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের উৎসব সামনে রেখে বৃহস্পতিবার কয়েক ডজন ফ্লাইট বাতিল কারা হয়।
ফ্লাইটের ক্রু ও অন্যান্যদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শিকাগোভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবার তাদের ১২০টি ফ্লাইট বাতিল করেছে।
একই সঙ্গে আটলান্টাভিত্তিক ডেল্টা এয়ারলাইন্স তাদের ৯০টি ফ্লাইট বাতিল করে। বিমানবন্দরে যাতে কেউ আটকা না পড়ে সেজন্য যাত্রীদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে উভয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইউনাইটেড কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ফ্লাইটের ক্রু ও কর্মীদের ওপর।
ফলে দুর্ভাগ্যবশত আমাদের কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে।
তাই বিমানবন্দরে যাত্রীরা আসার আগেই তাদের জানিয়ে দেওয়া হচ্ছে।