‘মাদকের রাজধানীতে পরিণত হয়েছে সৌদি’

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবে ‘কেপ্টাগন’ নামক মাদকের ট্যাবলেটের পাচার ও এর ব্যবহারের বিষয়ে বেশ কিছু খবর গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।
কোনো কোনো সূত্র বলছে, সৌদি আরব কার্যত মাদকের গুদামে পরিণত হয়েছে।

মার্কিন সাময়িকী ফরেন পলিসি এ সংক্রান্ত এক প্রতিবেদনে সৌদি আরবকে সমগ্র মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানী হিসেবে অভিহিত করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আরব এ দেশটি মাদক বিক্রির লাভজনক বাজারে পরিণত হয়েছে এবং সৌদি সমাজে মাদকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
কোনো সংবাদ মাধ্যম মাদকের ব্যবসা ও এর বিস্তারে সৌদি যুবরাজদের হাত থাকার কথা জানিয়েছে।
কিন্তু সৌদি কর্মকর্তারা মাদক ব্যবসায় যুবরাজদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আনার বিরোধী।

লেবাননের নিরাপত্তা বাহিনী ২০১৫ সালের অক্টোবরে সৌদি আরবে পাচারকালে দুই টন ‘কেপ্টাগন’ নামক মাদকের ট্যাবলেট আটক করেছিল।
এর সঙ্গে জড়িত আবদেল মহসেন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ নামে এক সৌদি যুবরাজ এবং তার চার সহযোগীকে আটক করেছিল লেবাননের নিরাপত্তা বাহিনী।
এ সম্পর্কে চলতি বছর এপ্রিলে রিয়াদ ঘোষণা করেছে, লেবানন থেকে মাদকের ট্যাবলেট সৌদি আরবে পাচারের চেষ্টা প্রতিহত করা হয়েছিল।
ডালিমের একটি চালানের মধ্যে কারসাজি করে এসব মাদক সৌদি আরবে আনার চেষ্টা করা হয়েছিল।
এর জের ধরে সে সময় সৌদি সরকার লেবানন থেকে সৌদিগামী কিংবা সৌদি আরবের ওপর দিয়ে অন্যান্য দেশে সব্জি ও ফলমূল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Comments (0)
Add Comment