কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য বিশেষ জোন তৈরি হলেও বিভিন্ন প্রতিক্রিয়ায় তা বাতিল করেছে জেলা প্রশাসন।
দেশজুড়ে নানা সমালোচনা ও প্রতিক্রিয়ায় সৈকতের লাবণী পয়েন্টস্থ বিজিবি পরিচালিত উর্মি গেস্ট হাউস থেকে সিগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে তৈরি এ জোন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার রাত ১০টায় এ জোন বাতিলের বিষয় নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. আবু সুফিয়ান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসন পর্যটকদের মতামতের উপর সবসময় শ্রদ্ধাশীল।
বিভিন্ন সময়ে পর্যটকদের মধ্যে অনেকে অনুরোধ করেছেন নারী ও শিশু পর্যটকের জন্য এক্সক্লুসিভ জোন থাকলে ভালো হয়।
সেই বিবেচনায় বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের আলোকে পৃথক এলাকা চিহ্নিত করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ নেয়া হয়।
এক্সক্লুসিভ জোনে যাদের ইচ্ছা হবে যাবে, অন্য পর্যটকরা তাদের ইচ্ছেমত ঘুরবেন।