মাত্র ৫৩ সেকেন্ডের বিমান রুট

ধরুন, বিমানে চড়ে খুব কাছেই কোথাও যাচ্ছেন।
খুব কাছেই মানে ‘সেই রকম’ কাছে। ধরুন, পাশের শহর।
তাই বলে দুই মিনিটে পৌঁছে যাবেন? ভাবতেও কেমন লাগে না?
আকাশপথে দুই মিনিট লাগে, এমন জায়গায় কেউ আবার বিমানে যায় নাকি?
কিন্তু আজব শোনালেও সত্যি, যুক্তরাজ্যের স্কটল্যান্ডের একটি দ্বীপপুঞ্জে এক দ্বীপ থেকে পাশের দ্বীপে যেতে সময় লাগে মিনিট দুয়েক।
বাতাস অনুকূলে থাকলে আর লটবহরের বোঝা তত ভারী না হলে ৫৩ সেকেন্ডেও যাত্রা শেষ করা সম্ভব।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত বিমান ভ্রমণ। স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জের ওয়েস্ট্রে থেকে তুলনায় আরো ছোট ও প্রত্যন্ত দ্বীপ পাপা ওয়েস্ট্রে পর্যন্ত এই বিমান রুট।
যাত্রাপথ মাত্র ২.৭ কিলোমিটার।
দ্বীপ দুটির মধ্যে দিনে দুই থেকে তিনটি ফ্লাইট চলে।
সারা বছর ধরে চালু থাকা এই সেবাটি পাপা ওয়েস্ট্রে দ্বীপের জনা আশি বাসিন্দার কাছে খুব গুরুত্বপূর্ণ।
তবে গ্রীষ্মে পর্যটকদের আনাগোনাও ঘটে এখানে।
পর্যটকদের বেশির ভাগই আসেন ‘সংক্ষিপ্ততম’ এই বিমানযাত্রার বিচিত্র অভিজ্ঞতা নিতে।

ওয়েস্ট্রেতে যেতে প্রথমে ওর্কনি দ্বীপপুঞ্জের রাজধানী কার্কওয়ালে যেতে হবে।
সেখান থেকে ওয়েস্ট্রেতে পৌঁছতে আকাশপথে সময় লাগবে মাত্র ১৫ মিনিটের মতো।
ছোট একটি ভবন, নুড়িপাথরে বাঁধানো এয়ারস্ট্রিপ ও অ্যাশফল্টের ট্যাক্সিওয়ে—এই নিয়ে ওয়েস্ট্রের বিমানবন্দর।

Comments (0)
Add Comment