যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল করছে বিমানসংস্থাগুলো

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল করেছে বেশকিছু আন্তর্জাতিক এয়ারলাইনস।
নতুন ফাইভজিসম্পন্ন ফোন ও উড়োজাহাজের মধ্যকার প্রযুক্তিগত জটিলতার আশঙ্কায় এমিরেটস, এয়ার ইন্ডিয়া, অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইনস যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল ঘোষণা করে। খবর সিএনবিসি।

এ বিষয়ে এমিরেটস জানায়, মোট নয়টি যুক্তরাষ্ট্র বন্দরগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। এগুলো হলো বোস্টন, শিকাগো ও’হেয়ার, ডালাস ফোর্ট ওয়োর্থ, জর্জ বুশ ইন্টারন্যাশনাল, মিয়ামি, নেয়ার্ক, অরল্যান্ডো, সানফ্রান্সিসকো ও সিয়াটল। তবে নিউইয়র্কের জন এফ কেনেডি, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডুলস বিমানবন্দরে এখনো চালু আছে এমিরেটসের ফ্লাইট।
এক বিবৃতিতে এমিরেটস জানায়, উড়োজাহাজ প্রস্তুতকারী ও কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে বৈঠক চলছে।
শিগগিরই আবারো যুক্তরাষ্ট্র পর্যন্ত ফ্লাইট পরিষেবা আবার চালু করার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

এদিকে এয়ার ইন্ডিয়া বলছে দিল্লি বিমানবন্দর থেকে সানফ্রান্সিসকো, শিকাগো ও জেএফকেগামী ফ্লাইট বন্ধ করা হবে।
পাশাপাশি মুম্বাই থেকে নিউয়ার্কগামী ফ্লাইটও বাতিল করবে বলে জানায় সংস্থাটি।
তবে ওয়াশিংটন ডিসির ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা চালু থাকার বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া।

এএনএ ও জাপান এয়ারলাইনস যুক্তরাষ্ট্রে বোয়িং-৭৭৭-এর পরিবর্তে বোয়িং-৭৮৭ উড়োজাহাজ ব্যবহারের তথ্য দিয়েছে।

Comments (0)
Add Comment