অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরেক অভিযোগ দায়ের

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরেকটি ঘুষ গ্রহণের অভিযোগ দায়ের করেছে দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ তথ্য জানায়।

৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির ডজনখানেক মামলা বিচারাধীন, যেগুলোর রায়ে সব মিলিয়ে তার ১৫০ বছরের কারাদণ্ড হতে পারে।
তার ইতোমধ্যে অন্যান্য মামলায় ছয় বছরের জেল হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে সু চিকে সরিয়ে ক্ষমতা নেওয়া জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে সাড়া পাওয়া যায়নি।

তবে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সু চি তার মায়ের নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের অনুদানের সাড়ে পাঁচ লাখ ডলার নিয়েছেন।

Comments (0)
Add Comment