র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ দেবে সরকার

র‌্যাব ও এই বাহিনীর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটিতে আইনজীবী নিয়োগ করবে বাংলাদেশ সরকার।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে পিআর ফার্ম, লবিস্ট ও আইনজীবী নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত এবং নাহিম রাজ্জাক অংশ নেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস গুরুত্বের সঙ্গে কাজ করছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, ‘যুক্তরাষ্ট্র যে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে, সে বিষয়ে আলোচনা করেছি।
আমরা বলেছি, সেখানে আমাদের দূতাবাস আগে থেকে কেন জানতে পারেনি? তারা তাদের মতো ব্যাখ্যা দিয়েছে।
বলেছে, করোনাভাইরাসের কারণে গ্যাপ তৈরি হয়েছিল।’

Comments (0)
Add Comment