‘ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া’

চলতি সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল দেশটির সরকার।

ব্রিটিশ সরকারের অভিযোগ, রাশিয়ার গোয়েন্দারা সেই হামলা চালিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্যের সরকারের তরফ থেকে বিবৃতি জানিয়ে এমন দাবি করা হয়।
যদিও মস্কো সেই সাইবার হামলার দায় অস্বীকার করেছে।

ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয় বলে দাবি করে।
তবে এ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি ইউক্রেন সরকার।

এক বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছিল, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে।

এ হামলার পেছনে কারা রয়েছে তা উল্লেখ করে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ব্যাংকিং সেক্টরে গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি যে সাইবার হামলা চালানো হয়েছে, সেই হামলার সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদস্যরা সম্পৃক্ত।

Comments (0)
Add Comment