প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের হামলার সঙ্গে তুলনা করেছেন মার্কিন রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সে সময় আমেরিকা যেভাবে অস্ত্র দিয়ে আফগানিস্তানের মুজাহিদিন যোদ্ধাদের সহায়তা করেছিল, সেভাবে কিয়েভকেও প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র সহায়তা দিলে একই ধরনের ফল পাওয়া যাবে বলে মন্তব্য করছেন তিনি।
গতকাল মঙ্গলবার রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, মার্কিন টেলিভিশন এমএসএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন এ মন্তব্য করেছেন।
আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের হামলার কথা স্মরণ করিয়ে হিলারি বলেন, সুসংগঠিত ও স্বতঃপ্রণোদিত প্রতিরোধের ফলে রাশিয়ানরা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল।
আফগান যুদ্ধের সমাপ্তি সোভিয়েত ইউনিয়নের জন্য সুখকর হয়নি।
তবে ওই যুদ্ধ আফগানিস্তানে আল-কায়েদার উত্থান ঘটায়, যারা ৯/১১-এ মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার জন্য দায়ী।