করোনা প্রকোপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতের অর্থনীতি।
বিশেষ করে ধনকুবেররা ব্যক্তিগত অর্থনীতি বাড়িয়েছে বহুগুণে।
কোটিপতি জনসংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই ভারতের অবস্থান।
করোনাসময়ে ভারতের বহু মানুষ কাজ হারিয়েছে। দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে অসংখ্য পরিবার। এরই মধ্যে সম্পদের পাহাড় গড়েছে দেশটির একশ্রেণির মানুষ।
নাইট ফ্র্যাঙ্কের এক সমীক্ষায় দেখা গেছে, ২০২০’র তুলনায় গত বছর ভারতে তিন কোটি ডলারের বেশি (প্রায় ২২৬ কোটি টাকা) সম্পদশালী ধনকুবেরের সংখ্যা বেড়েছে।
সেই দৌড়ে প্রথম সারিতে কলকাতা। কোটিপতি জনসংখ্যার হিসাবে ভারত বিশ্বে তৃতীয়, আমেরিকা ও চীনের পরেই। সারা বিশ্বে বৃদ্ধির হার ৯ দশমিক ৩ শতাংশ।
করোনাসময়ে বেকারত্বের হার ভারতের বিগত ৪০ বছরের সব রেকর্ড ভেঙে দেয়। সম্প্রতি অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, ধনীতম ১০ শতাংশের হাতে জাতীয় সম্পদের ৪৫ শতাংশ। নিচু তলার ৫০ শতাংশের ভাগে ৬ শতাংশ।