২০২১ সালের হিসাব অনুযায়ী মুসলিম শরিয়াহ মোতাবেক বিয়ের রেজিস্ট্রি হয়েছে ১৫ হাজার ৮০২টি।
আর আইনের মাধ্যমে তালাক হয়েছে ছয় হাজার ১২৪টি।
হিসাব অনুযায়ী বিয়ের অনুপাতে বিচ্ছেদের পরিমাণ ৩৮ দশমিক ৭৫ শতাংশ।
আর গড়ে প্রতিদিন ১৬টির বেশি তালাকের ঘটনা ঘটেছে।
মোট বিয়ে বিচ্ছেদের মধ্যে ছেলের পক্ষ থেকে সিদ্ধান্ত এক হাজার ১৮০টি এবং মেয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত দুই হাজার ৫৫৫টি।
আর ছেলে-মেয়ে উভয়ের সিদ্ধান্তে তালাক হয়েছে দুই হাজার ৩৮৯টি।
তথ্য বলছে বিচ্ছেদের সিদ্ধান্তে পুরুষদের তুলনায় নারীরা এগিয়ে।
দিনাজপুর জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
হিসাব বলছে- ২০২০ সালে বিয়ের অনুপাতে বিচ্ছেদ হয়েছে ৪৫ দশমিক ০৮ শতাংশ, ২০১৯ সালে ৩৬ দশমিক ১৮ শতাংশ, ২০১৮ সালে ৩৩ দশমিক ৪৭ শতাংশ।
আর ২০১৭ সালে বিচ্ছেদের হার ছিল ৩৭ দশমিক ৪৭ শতাংশ।
এ পরিসংখ্যান থেকে বোঝাই যায় যে, উত্তরের জেলা দিনাজপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে বিয়ে বিচ্ছেদ বা তালাক।
বিচ্ছেদের মূল কারণ হিসেবে মাদক, নারী নির্যাতন, মোবাইলফোনে আসক্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, একে অপরকে না বোঝা, স্বাবলম্বী নারীর সংখ্যা বৃদ্ধি এবং সর্বোপরি সচেতনতার অভাবকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন- বিচ্ছেদের সিদ্ধান্তে পুরুষদের তুলনায় নারীরা এগিয়ে।