মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমারে সামরিক বাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের নিধনকে অবশেষে আনুষ্ঠানিকভাবে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনের ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
এই হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামেই রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে একটি প্রদর্শনী চলছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে দেশটির সামরিক বাহিনীর সহিংসতার শিকার হন কয়েক লাখ রোহিঙ্গা।
তাদের নিধনে চালানো হয় গণহত্যা।
জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নেয় বাংলাদেশে। এরই পরিপ্রেক্ষিতে ওআইসির সহযোগিতায় ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা করে গাম্বিয়া।
ওই বছর মামলার প্রথম দফার শুনানিও হয়।
কিন্তু এসব ঘটনার পরও মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে গণহত্যার স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

Comments (0)
Add Comment