বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছে, যথাসময়ে নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে।
এ বিষয়ে আমাদের কাজ অনেক দূর এগিয়েছে।
এ ছাড়াও নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালু করা হবে।
কানাডা সময় রোববার রাতে টরন্টোর ডাউন টাউনে মেরিয়ট হোটেলে ঢাকা-টরন্টো ফ্লাইট চালু উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও কানাডায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, বিমান জাতীয় পতাকাকে বুকে ধারণ করে সারা বিশ্বে গৌরবের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিমানের রুট বৃদ্ধি করা হচ্ছে।
কানাডায় সরাসরি ফ্লাইট চালু করা আমাদের জন্য মর্যাদার বিষয় ছিল।
বিশ্বের অনেক বড় বড় এয়ারলাইনস টরন্টোয় ফ্লাইট পরিচালনা করার স্লট পায় না। বিমান পেয়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের বিষয়।’