র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৈঠকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বরোপ করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দপ্তর থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বৈঠকের বিষয়ে গতকাল শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রসচিব র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এটি সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।
পররাষ্ট্রসচিব নিষেধাজ্ঞার তালিকা থেকে র্যাব ও সংস্থাটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে বাদ দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া স্থগিত থাকা এবং সংস্থার কর্মপ্রণালী সংশোধনের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আরোপিত নিষেধাজ্ঞায় আংশিক ছাড় দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে বিবেচনার প্রস্তাব দেন।