‘সবচেয়ে বড় অপরাধ জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া’

আওয়ামী লীগের অপরাধটা কী—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনাদের সবচেয়ে ভয়ংকর অপরাধ, এই দেশে তারা গণতন্ত্রকে হরণ করেছে।
মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই দেশকে তারা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্যগুলো ছিল, সেই সব লক্ষ্যকে ধুলিস্যাৎ করে দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ছাত্রদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে।
এতে নতুন মনোনীত পাঁচজন নেতাসহ সহস্রাধিক অনুসারী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment