ইসলামাবাদ সমাবেশের জন্য প্রস্তুত থাকতে বললেন ইমরান খান

সদ্যসাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লাহোর সমাবেশে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ইসলামাবাদে সমাবেশে অংশ নিতে ফোনের জন্য অপেক্ষা করুন। বৃহস্পতিবার লাহোরের মিনার-আই-পাকিস্তানে ভাষণ দেওয়ার সময় তার পরবর্তী পদক্ষেপ হিসেবে সমর্থকদের এ আহ্বান জানান তিনি।

এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, তার প্রতিদ্বন্দ্বীরা যদি ভাবতে থাকেন যে লাহোর সমাবেশের পর কী ঘটবে, তাহলে তাদের কাছে তার বার্তা হলো প্রকৃত পিটিআইয়ের কাজ সবে শুরু হয়েছে।

ইমরান খান বলেন, শুধু পিটিআই নেতাদের নয়, সব পাকিস্তানিকেই সমাবেশে অংশ নিতে আহ্বান জানাবেন তিনি।
ইমরান খান আরও বলেন, গ্রামে, শহরে যে যেখানে থাকুন সবাই প্রস্তুত থাকুন।
আপনারা অপেক্ষা করুন, ইসলামাবাদে আসতে আমার ফোনকলের জন্য।

তিনি স্পষ্ট করে বলেন, আমি কোনো সংঘর্ষ চাই না।
তিনি বলেন, আমরা আমাদের দেশের ক্ষতি করবো না, তবে এই ‘আমদানি’ করা সরকার আমরা চাই না।
আন্দোলন ফলপ্রসূ হওয়ার আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, শিগগির নির্বাচন দিতে হবে।

Comments (0)
Add Comment