টরন্টো ফ্লাইটের জন্য ম্যানচেস্টারে ‘স্টপওভার’ অনুমোদন দিয়েছে বিমান

সাধারণত টানা ১৬ ঘণ্টার বিমান যাত্রায় পর্যাপ্ত জ্বালানি বহনের জন্য ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী বহন করতে হয়।
যা বিমানের বাণিজ্যিক খাতে যথেষ্ট প্রভাব ফেলে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ গত কয়েক মাস ঢাকা থেকে টরন্টো পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনার পর অবশেষে আর্থিক ক্ষতির বিষয়টি বুঝতে পেরেছে।
তাই, টানা ১৬ ঘণ্টার ফ্লাইটের বদলে ম্যানচেস্টারে একটি “স্টপওভার”-এর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

যদিও এই সিদ্ধান্ত নেওয়ার আগে বেশকিছু সরকারি কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিনামূল্যে একটি “টেস্ট ফ্লাইটে” টরন্টো ভ্রমণ করেছেন।

ম্যানচেস্টারই কেন?
নতুন স্টপওভার প্ল্যান অনুযায়ী, ম্যানচেস্টারে প্রযুক্তিগত অবতরণের জন্য প্রতি রাউন্ড ট্রিপে ৫.৫ কোটি টাকা খরচ হবে।
তাই, দেশের বিমান চালনা বিশেষজ্ঞরা এই রুটের পরিবর্তে কোনো এশিয়ান দেশে বিমান থামানোর পরামর্শ দিয়েছেন।
কারণ, সেগুলো ম্যানচেস্টার রুটের তুলনায় সস্তা।

এদিকে, ঢাকা-টরন্টো রুটে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন এবিএম ইসমাইলের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

কমিটির মতে, ম্যানচেস্টারকে স্টপওভারের জন্য বেছে নেওয়ার কারণ এটি ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে একটি সমৃদ্ধ শিল্প ও ঐতিহ্যের প্রধান শহর এবং ১ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর আবাসস্থল।

ম্যানচেস্টার নিউ ইয়র্কের ফ্লাইটের জন্য সংযোগ বিন্দু হিসেবেও দ্বিগুণ যাত্রী পেতে পারে।
এতে বিমান বাংলাদেশ আরও সুবিধা পাবে কারণ এর আগেও তারা ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করেছে।

কমিটি ম্যানচেস্টারের অনুকূল আবহাওয়া এবং সকাল-বিকেলে ফ্লাইট স্লট পাওয়ার সম্ভাব্যতার বিষয়েও সুপারিশ করেছে।

Comments (0)
Add Comment