ইতিহাসের পাতায় নাম লেখালেন ২৫ বছর বয়সী ব্যাটার কিয়েসি কার্টি। ক্যারিবীয় সাগরের পাড়ে ডাচ অংশের দ্বীপ সেন্ট মার্টিন থেকে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছেন তিনি।
ইতিহাসে প্রথম সেন্ট মার্টিনের কোনো ক্রিকেটার ক্যারিবীয় দলে ডাক পেলেন।
৩১ মে থেকে শুরু নেদারল্যান্ডস ও পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। \
এই দুই সফরে সুপার লিগের অধীনে মোট ৬টি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা।
সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিকোলাস পুরান।
তার দলে জায়গা হয়নি জেসন হোল্ডার, সিমরন হেটমায়ার আর এভিন লুইসের মতো তারকার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, হেটমায়ার তার প্রথম সন্তানের অপেক্ষায় থাকায় ছুটি নিয়েছেন। লুইস বাদ পড়েছেন তার ফিটনেসের জন্য। অন্যদিকে হোল্ডারকে বিশ্রাম দিয়েছে ম্যানেজম্যান্ট।