পশ্চিমা মুদ্রাগুলোর বিপরীতে আরও শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা রুবল। মঙ্গলবার গত চার বছরের মধ্যে প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৫৭’র নিচে নেমেছে। রেকর্ড গড়েছে ইউরোর বিপরীতেও।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ায় পূর্ণমাত্রায় অর্থনৈতিক সংকট সত্ত্বেও ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এর মাধ্যমে বিশ্বের সেরা পারফরম্যান্স করা মুদ্রায় পরিণত হয়েছে সেটি।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ডলারের বিপরীতে রুবলের মান ছিল ৫৬ দশমিক ৩৬, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।
এসময় ইউরোর বিপরীতে রুবলের মান ৩ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ২৪ হতে দেখা গেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
রাশিয়ার বৃহত্তম ঋণদাতা এসবারব্যাংক সিআইবি এক নোটে বলেছে, রুবলের শক্তিবৃদ্ধির পেছনে খনিজ উত্তোলন ট্যাক্স হিসেবে ৬০ হাজার কোটি রুবল পরিশোধের ডেডলাইন এগিয়ে আসা এবং রপ্তানি করা গ্যাসের দাম রুবলে পরিশোধ নীতির অবদান রয়েছে।