আফ্রিকা রাশিয়ার ‘জিম্মি’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার শুরু করা যুদ্ধে আফ্রিকাকে ‘জিম্মি’ বলে মন্তব্য করেছেন।
আফ্রিকান ইউনিয়নকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যে সোমবার (২০ জুন) তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
রাশিয়ার অভিযান এবং ইউক্রেনের শস্য রফতানিতে নিষেধাজ্ঞা শস্য ও সারের ঘাটতি শুরু করেছে এবং হাজারো মানুষকে ক্ষুধার সম্মুখীন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক স্থিতি অর্জনে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ‘জরুরি আলোচনার’ প্রয়োজন বলে জানিয়েছেন।

পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই রাশিয়ার কাছে ইউক্রেনের শস্য অবমুক্তের অনুরোধ জানিয়েছে। শস্য রফতানিতে বাধা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটাচ্ছে।

জেলেনস্কি বলেন, আফ্রিকা আসলে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের কাছে জিম্মি। ইউক্রেনের ব্ল্যাক সি বন্দরে শস্যের মজুদ ছাড়ানোর চেষ্টায় তিনি জটিল সব সমঝোতায় অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, এই যুদ্ধ আপনাদের দেশ থেকে অনেক দূরে মনে হতে পারে কিন্তু মনে রাখবেন খাবারের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে লাখো আফ্রিকানের ঘরে ঘরে যুদ্ধ পৌঁছে গেছে।

Comments (0)
Add Comment