বিমান ও কপ্টার থেকে হামলা ॥ কাঁপছে তুমব্রু সীমান্ত

মিয়ানমার সীমান্তে ফের বোমা হামলা চালানো হয়েছে। অসংখ্য বোমা বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে তুমব্রু সীমান্ত অঞ্চল। পর্যায়ক্রমে ৩ দিন ধরে মিয়ানমার সেনা বাহিনীর এই অভিযান চলছে ৮ কিলোমিটার এলাকায়। রবিবার একটি বিমান ও একটি হেলিকপ্টারে হামলা চালানো হলেও তারা শক্তি সঞ্চার করে মঙ্গলবার দুটি হেলিকপ্টার ও একটি জেট বিমান নিয়ে আরাকান আর্মির উদ্দেশে ওয়ালিদং পাহাড়ে বোমা হামলা করেছে। তিনদিন ধরে মিয়ানমার সেনা ও বিদ্রোহী সদস্যদের (এএ) মধ্যে যুদ্ধ থামছে না দেখে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসকারীরা। ভারি অস্ত্রের মর্টালশেলের আওয়াজে ঘুমধুম-তুমব্রু সীমান্তবাসী উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।

সূত্র জানায়, সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে মিয়ানমারের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অবতরণ করে ঢেকিবনিয়ায়। মঙ্গলবার দুপুরে আরও একটি হেলিকপ্টার ও একটি জেট বিমান এসে এক সঙ্গে বোমা-মর্টারশেল হামলা চালিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত টানা এক ঘণ্টা বিমান ও হেলিকপ্টারে এ হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী।

জেট বিমান ও হেলিকপ্টার থেকে নিক্ষেপকৃত বোমা বিস্ফোরণে সীমান্ত এলাকা তুমব্রুর আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিমান ও হেলিকপ্টার চলে যাবার পর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ভারি অস্ত্রের গোলাগুলি চলছিল বলে সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে। মিয়ানমার সেনাবাহিনী ৮ কিমি পাহাড়ের আড়ালে এবং আরাকান আর্মি ওয়ালিদং পাহাড়ের চূড়ায় অবস্থান করে গুলিবিনিময় করছে।

Comments (0)
Add Comment