ক্রিকেটাররা বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছেন

ইদানিং যেন খুব ব্যস্ত হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইদানিং যেন খুব ব্যস্ত হয়ে উঠেছে। যদিও ব্যস্ততা সব সময় লেগেই থাকে, তবে সব সময় কি আর তা প্রকাশ্যে আসে? তবে কিছু দিন ধরে সাংবাদিকদের আনাগোনায় তা মুখরিত হয়ে উঠেছে; ক্যামেরার ফ্ল্যাশে বিমানবন্দর যেন আলো ঝলমলে হয়ে উঠেছে।

হবেই না বা কেন? সাফজয়ী স্বর্ণকন্যাদের শিরোপা হাতে দেশে ফেরা দিয়ে শুরু, নারী ক্রিকেট দলও দেশে ফিরেছে একই বেশে, আইসিসি কোয়ালিফায়ার শিরোপা নিয়ে। এর মাঝে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আরব আমিরাতে গেলো, সিরিজ জিতে ফিরেও এলো। যদিও এর আগে একবার ফিরেছে, তবে সেবার ব্যার্থ এশিয়া কাপ মিশন শেষে, মাথা নিচু করে।

তবে দুই দিন আগে আরব আমিরাত থেকে সিরিজ জিতে আসা সেই জাতীয় ক্রিকেট দলটাই আজ ফের বিমানবন্দরে। গন্তব্যস্থল তাসমান সাগর পাড়। উদ্দেশ্য ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ। অর্থাৎ বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আজ দেশ ছাড়ছে টাইগাররা।

ইতোমধ্যে একে একে বিমানবন্দরে আসতে শুরু করেছে দলের সদস্যরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিশ্বকাপ যাত্রা শুরু হবে টাইগারদের। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে ক্রাইস্টচার্চে যাবে বাংলাদেশ।

Comments (0)
Add Comment