নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে বাড়ির ওপর পড়লো হেলিকপ্টার

মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে নজরদারি ক্যামেরায়। নিয়ন্ত্রণ হারিয়ে কপ্টারটি শহরতলির আশপাশের একটি বাড়ির ওপর গিয়ে পড়ে ও বিধ্বস্ত হয়।

কেএমপিএইচ নামে একটি গণমাধ্যমকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কপ্টারে থাকা দুই আরোহী আহত হয়েছেন।

কেএমপিএইচ জানায়, রিং ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, শনিবার সকাল ১০টার দিকে ফ্রেসনোর ইস্ট গ্যারেট এভিনিউতে একটি বাড়ির ওপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি।

ভিডিওতে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারানো হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে একটি খেজুর গাছে বাড়ি খায় এবং একটি বাড়ির ওপর গিয়ে পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট চার্লি চামালবিড ফ্রেসনো বিকে বলেছেন, দুর্ঘটনায় বাড়ির কেউ আহত হননি। তবে বাড়িটির সামান্য ক্ষতি হয়েছে।

খবরে আরও বলা হয়, এ ঘটনায় ৪৭ বছর বয়সী পাইলট এবং ৩৩ বছর বয়সী এক যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কমিউনিটি রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Comments (0)
Add Comment