যান্ত্রিক ত্রুটির কারণে খালি করা হল বিমান

ভারতের স্পাইস জেটের বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারল না। পরবর্তী সময়ে সেই বিমান বাতিলের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ। এরপরই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর, সোমবার বিকেল ৬টা ৫০ নাগাদ পাটনাগামী এসজে ৯৫০৯ বিমানটি ট্যাক্সিওয়ে থেকে ৮০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার সময় বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট বিমানটি পুনরায় ট্যাক্সিওয়ে ২৭ এ-তে ফিরিয়ে আনে।

এরপরই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা বিমানের যান্ত্রিক ত্রুটি মেরামতির কাজে হাত লাগান। কিন্তু সমস্যা না মেটায় বিমান থেকে ৮০ জন যাত্রীকে নীচে নামিয়ে আনা হয়। উড়ান নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সূত্রের খবর, তাঁদের মধ্যে কয়েকজনকে ‘অ্যাকমোডেশন’ দেওয়া হয়েছে। অল্পসংখ্যক যাত্রী টিকিটের টাকাও ফেরত পান।

বেসরকারি ওই বিমান সংস্থার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আগেও বিমান বাতিল হয়েছে। এর আগেও এই বেসরকারি সংস্থাকে শোকজ নোটিশ ধরানো হয়েছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে। গত তিন মাস আগে ১৮ দিনে ৮ বার জরুরি অবতরণ করেছিল বেসরকারি এই সংস্থার বিমান। যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ।

Comments (0)
Add Comment