মিয়ানমারের উত্তরাঞ্চলিয় কাচিন রাজ্যের একটি কনসার্টে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, উত্তরের রাজ্য কাচিনে রবিবার গভীর রাতে বিমান হামলা চালানো হয়। হামলায় বেসামরিক, বিশিষ্ট স্থানীয় গায়ক এবং কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্মকর্তা নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় মিডিয়া জানিয়েছে।
জেট বিমান থেকে হামলাটি করা হয়েছিল বলে জানানো হয়।
জান্তার একজন মুখপাত্রের জানিয়েছিল হামলাটি হপাকান্ত শহরের এ নাং পা অঞ্চলে করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে কথা না বলতে পারায় বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
গত বছরের শুরুতে সেনা শাসকের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই মিয়ানমারে সহিংসতা চলছে। এর মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সশস্ত্র আন্দোলন ঘটতে দেখা গেছে।
কেআইএর মুখপাত্র নও বু বলেছেন, কাচিন সেনাবাহিনীর রাজনৈতিক শাখা, কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) গঠনের ৬২ তম বার্ষিকী উদযাপনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বিমান হামলাটি ইচ্ছাকৃত ছিল। কেআইএ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি খুব জঘন্য কাজ যা যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। তবে তার সংস্থা এখনও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
অভ্যুত্থানের পর থেকে, মায়ানমারের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী কেআইএর মধ্যে প্রকাশ্য সংঘাত আবার শুরু হয়েছে। সংস্থাটি ছয় দশক ধরে কাচিন জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে এবং জান্তা-বিরোধী প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়েছে।