রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চলাচল শুরু ১৭ নভেম্বর, টিকিট মিলছে অনলাইনে

রাজশাহী থেকে কক্সবাজার রুটে শুরু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের ১ম ফ্লাইট রাজশাহী নগরীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। আর কক্সবাজার পৌঁছাবে বেলা ১২টায়।

রোববার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে নভোএয়ার কর্তৃপক্ষ।

নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, রোববার থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি সপ্তাহে রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

সূত্র জানায়, গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

 

Comments (0)
Add Comment