আলিয়া-রণবীরের ঘরে এলো নতুন অতিথি

বলিউডের কাপুর ও ভাট পরিবারে এলো কাঙ্ক্ষিত সেই আনন্দের মুহূর্ত। অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘর আলো করে এসেছে সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই দম্পতি।

রবিবার (৬ নভেম্বর) একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।

মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বেলা ১২টা ৫ মিনিটে রণবীর-আলিয়ার কন্যা পৃথিবীর আলো দেখেছে। যদিও এখনও এই দম্পতির পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি। তবে ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। এর দুই মাস পরই তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো।

রবিবার সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে রণবীর সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। এছাড়া দুই পরিবারের সদস্যরাও ছুটে আসেন হাসপাতালে। আলিয়ার বাবা মহেশ ভাট হাসপাতালে এসে অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘একটা নতুন সূর্যদয়ের অপেক্ষায়। জীবনের একটি সতেজ ঝিকিমিকি শিশিরবিন্দু।’

Comments (0)
Add Comment