পোল্যান্ডে বিস্ফোরণের কারণ সম্ভবত ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র: ন্যাটো

ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেটি সম্ভবত ইউক্রেনীয় ছিল।

বিবিসিকে তিনি বলেছেন, সম্ভবত এটি একটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের সীমান্তের কাছে বিস্ফোরণের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান স্টলটেনবার্গ।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে চলমান আগ্রাসনের জন্য শেষ পর্যন্ত রাশিয়াই দায়ী। ইউক্রেন নিজেই বলে আসছে যে রাশিয়া ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে এটি আমাদের ক্ষেপণাস্ত্র নয়। আমাদের সামরিক প্রতিবেদনের ভিত্তিতে আমি বিশ্বাস করি যে এটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ছিল।

তিনি বলেন, ইউক্রেনকে সীমান্ত থেকে ৬ কিলোমিটার দূরে বিস্ফোরণের তদন্তে যোগদানের অনুমতি দেয়া অপরিহার্য ছিল।

মঙ্গলবার ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল যখন রাশিয়া ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর থেকে নয় মাসের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ শুরু করে।

কয়েক ডজন রাশিয়ান ক্ষেপণাস্ত্র দেশটিকে লক্ষ্য করে ছোড়া হয়। তবে ইউক্রেন বলেছে যে তারা বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইন্দোনেশিয়ায় জি২০ সম্মেলনের সময় যে গণহামলা হয়, তা একটি আন্তর্জাতিক ক্ষোভের সৃষ্টি করেছে। ন্যাটো সদস্য পোল্যান্ডের ভূখণ্ডের অভ্যন্তরে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর যুদ্ধকে বিপজ্জনকভাবে বড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে।

স্টলটেনবার্গ বলেন, ন্যাটো প্রতিশ্রুতি দিয়েছিল যে আরো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে ইউক্রেনকে, যারা জোটের সদস্য নয় কিন্তু ব্যাপক সামরিক সহায়তা পায়।

ন্যাটো প্রধান বলেন, আজ আমি ইউক্রেনের জন্য একটি সমর্থন গোষ্ঠীর বৈঠকে যোগদান করেছি, যেখানে ন্যাটো মিত্ররা এবং অংশীদাররা আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন প্রতিশ্রুতি দিয়েছে, যাতে আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সহায়তা করতে পারি।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার সর্বোত্তম উপায় হল রাশিয়ার জন্য যুদ্ধ বন্ধ করা, বলেন তিনি।

ব্রাসেলসে ন্যাটোর সদর দফতর থেকে তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে এটি রাশিয়ার পক্ষ থেকে একটি ইচ্ছাকৃত আক্রমণ।

তবে তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে রাশিয়া দায়ী, কারণ রাশিয়া যদি গতকাল ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ব্যারেজ না চালাত, যেমনটি তারা এই যুদ্ধের সময় আগেও অনেকবার করেছে, তাহলে এটা ঘটতো না।

এর আগে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, যদিও এটি রাশিয়ার তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বলে দোষারোপ করা হয়, তবে রাশিয়ার পক্ষ থেকে এটি নিক্ষেপ করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই।

Comments (0)
Add Comment