দ. কোরিয়ার আকাশ সীমানায় চীন-রুশ যুদ্ধবিমান

হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় চীন ও রাশিয়ার একাধিক যুদ্ধবিমান প্রবেশ করেছে বলে জানিয়েছে সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ (জেসিএস)। দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহাপ এক খবরে জানিয়েছে, দুটি চীনা বিমান ও ছয়টি রুশ যুদ্ধবিমান বুধবার বিনা নোটিশে দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজে) প্রবেশ করে। এরপরই কৌশলগত অবস্থান নেয় সিউল।

জেসিএস জানিয়েছে যে, যুদ্ধবিমানগুলো কেএডিআইজে অঞ্চলজুড়ে উড়েছে। তবে দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক বায়ু লঙ্ঘন করেনি।

সকাল ৫:৪৮ টায় দুটি চীনা এইচ-৬ বোমারু বিমান জেজু দ্বীপের দক্ষিণে একটি নিমজ্জিত শিলা আইও আইলেটের ১২৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি এলাকা থেকে কেএডিআইজে অঞ্চলে উড়ে যায় এবং সকাল ৬:১৩ টায় অঞ্চলটি ছেড়ে যায়। এরপর সকাল ৬:৪৪ টায় বোমারু বিমানগুলো দক্ষিণ কোরিয়ার দক্ষিণ বন্দর শহর পোহাং এর উত্তর-পূর্বের একটি এলাকা থেকে কেএডিআইজে তে পুনরায় প্রবেশ করে এবং ৭:০৭টায় জোন থেকে বেরিয়ে যায়।

এই ঘটনার কয়েকঘণ্টা পর ছয়টি রাশিয়ান বিমান (চারটি টিইউ-৯৫ বোমারু বিমান এবং দুটি এসইউ-৩৫ ফাইটার) পাশাপাশি দুটি চীনা এইচ-৬ বোমারু বিমান দুপুর ১২টা ১৮ মিনিটে দক্ষিণের উলেউং দ্বীপের ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি এলাকা থেকে কেএডিআইজ অঞ্চলে উড়ে যায় এবং ১২টা ৩৬ মিনিটে এই জোন থেকে প্রস্থান করে।

দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষকরা মনে করছেন যে, দুই দেশ সম্মিলিত বিমান মহড়ায় নিযুক্ত। জেসিএস অনুসারে এফ-১৫কে জেটসহ দক্ষিণ কোরিয়ার সামরিক বিমান সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে একটি কৌশলগত পদক্ষেপে মোতায়েন করা হয়। এয়ার ডিফেন্স জোনটি আঞ্চলিক আকাশসীমা নয় কিন্তু বিদেশি বিমান নিজেদের পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করতে পারে। এর ফলে দুর্ঘটনাজনিত সংঘর্ষ প্রতিরোধ করা যায়।

Comments (0)
Add Comment