কাতারকে বিদায় জানিয়ে ব্রাজিলের বিমানে নেইমাররা

২০ বছর ধরে নকআউটে কোনও ইউরোপীয়ান দলকে না হারানো ব্যাথা নিয়ে গতকাল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নির্ধারিত সময়ে জয়ের দ্বারপ্রান্তেই ছিল সেলেসাওরা। কিন্তু শেষ মুহূর্তে পেটকোভিচের গোলে ম্যাচে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। সেই ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকার ভাগ্যে পরাজয়বরণ করে কোয়ার্টারে শেষ হয় হেক্সা মিশন।

এ হারে নকআউটে ইউরোপীয়ান দলের বিপক্ষে জয় না পাওয়ার গ্লানি গিয়ে ঠেকলো ২৪ বছরে। যদি আগামী আসরে আবার কোয়ার্টার কিংবা সেমিফাইনালে কোনও ইউরোপীয় দলের মুখোমুখি হয় তাহলে চেষ্টা থাকবে সে গ্লানি মুছে ফেলার। তবে এমন পরাজয়ের পর বেশিক্ষণ কাতারে থাকেনি সেলেসাওরা।

গতকাল শনিবার সকালেই দোহার দ্য ওয়েস্টিন হোটেল ছেড়ে যান নেইমার, ভিনিসিয়াস জুনিয়ররা। তাদের আপাতত গন্তব্য লন্ডন। সেখান থেকে আবার রিও ডি জেনিরোর বিমান ধরবেন দলের বেশির ভাগ খেলোয়াড়।

ব্রাজিলের দৈনিক ও’গ্লোবো জানিয়েছে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যালেক্স সান্দ্রো, ব্রুনো গিমারেস, অ্যালিসন ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই টিম হোটেল ছেড়ে গেছেন। তারা ব্যক্তিগত ব্যবস্থায় নিজ নিজ গন্তব্যে যাবেন। বাকিরা শনিবার সকালে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ভাড়া করা বিমানে দেশের পথ ধরেছেন।

প্রথমে বিমানটি যাবে লন্ডনে। সেখানে ব্রাজিল দলের অনেকেই নেমে যাবেন। ইউরোপের লিগে খেলেন এমন খেলোয়াড়েরা লন্ডনে নেমে অন্য পথ ধরবেন বলে খবর ও’গ্লোবোর। কেউ ছুটি কাটাবেন, কেউ সরাসরি যার যার ক্লাবে চলে যাবেন।

কোচিং স্টাফ ও ব্রাজিলের লিগে খেলেন এমন খেলোয়াড়দের নিয়ে লন্ডন থেকে বিমান যাবে রিও ডি জেনিরোতে। ব্রাজিল স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে পেদ্রো ও এভারতন রিভেইরো খেলেন ফ্লামেঙ্গোতে তারা দুজন রিওতেই নামবেন। গোলরক্ষক ওয়েভারতন খেলেন পালমেইরাসে তিনি রিও থেকে যাবেন সাও পাওলোতে।

কোচ তিতে ম্যাচের পর সংবাদ সম্মেলনেই বলেছেন, ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। তবে তিনি এখনো সিবিএফকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানাননি বলেই খবর ও’গ্লোবোর। দেশে ফেরার পর কোচিং স্টাফদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিএফ।

Comments (0)
Add Comment