ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৩৫টি ফ্লাইটের ক্যাপাসিটি ৩০০ থেকে বাড়িয়ে ৪১৯ জন করা হবে। এরই মধ্যে ১৫টি অতিরিক্ত স্লট প্রদান নিশ্চিত করেছে সৌদি আরব। আর সরকারি কোটার চার হাজার ৮০০ যাত্রীকে বেসরকারিভাবে পাঠানোর সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাঁদের অনেকে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন।
সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল জলিল, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি ইব্রাহিম বাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৫০ হাজার হজযাত্রী এখন সৌদি আরবে : মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সরকারি ব্যবস্থাপনার দুই হাজার ৭০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪৭ হাজার ৩৫৫ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে মোছা. মরিয়ম বেগম (৫১) নামে বগুড়ার এক হজযাত্রী সোমবার মক্কায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বর বিজে ০৪৮১৮৮২। এ নিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি চারজন পুুরুষ ও চারজন মহিলা হজযাত্রী মারা গেছেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যায়। হজযাত্রীদের নিয়ে যাত্রার শেষ ফ্লাইট হবে ৫ সেপ্টেম্বর আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ সেপ্টেম্বর।